উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, এই সময়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর বিক্ষিপ্ত হয়ে উঠেছে। এ কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতক সংকেত জারি করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।









