হরতাল আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হরতালে মরিচা ধরে গেছে।’ ঢাকা শহরে হরতালের কোনো চিহ্ন নেই। চলছে যানজট। বাস্তবতা বুঝে এ হরতালে জনগণের সাড়া নেই। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের (রবিবার) অর্ধদিবস হরতালে জনগণের সাড়া ছিল না বলেও এ সময় দাবি করেন তিনি।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের জানান, আজকের বৈঠকে ১৫ আগস্ট সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি, জাতীয় সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি, বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কারও কারও অবস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, দলের সদস্য সংগ্রহ অভিযান ২১ জুলাই শুরু হবে। তবে এর আগে এবিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা হবে।









