শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আসছে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। আর প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আগামী শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্য শপথ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে দেওয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব। আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।









