বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্যতা সূচকে (এমপিআই) দেখা গেছে, দ্রুত গতিতে দারিদ্র্য বিমোচনকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১ বাস্তবায়নের উপকরণ হিসেবে ব্যবহার হয় এমপিআই। এসডিজির প্রধান লক্ষ্যই হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
এমপিআই প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সুবিধা এবং জীবনযাপনের মানসহ বিভিন্ন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এটা বড় ধরনের উন্নতির চিহ্ন।
বিশ্বে বর্তমানে ১০১টি দেশে মারাত্মক বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে। এরমধ্যে ৩১টি নিম্ন আয়ের, ৬৮টি মধ্য আয়ের আর ২টি উচ্চ আয়ের দেশ। এসব দেশের ১৩০ কোটি মানুষ বহুমাত্রিকভাবে দরিদ্র। ভালো স্বাস্থ্যসেবা না পাওয়া, কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ না থাকা ও সহিংসতার আশঙ্কা বহুমাত্রিক দরিদ্রতা চেনার উপায়।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, দ্রুত দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের পাশাপাশি সফলতা পেয়েছে কম্বোডিয়া ও ভারত।









