নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও পরিদর্শন কার্যক্রমে অনিয়ম, ঘুষ-দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক সুভাষ চন্দ্রের নেতৃত্বে ওই এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি জানিয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, রাজউকের আওতাধীন এলাকায় নকশা অনুমোদনে অনিয়ম, ভবন নির্মাণের তদারকি ও পরিদর্শন কাজে দায়িত্বে অবহেলা এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ তৈরি করে দেওয়ার নানাবিধ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একটি এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দল রাজউকের সংশ্লিষ্ট নথিপত্র ও দাপ্তরিক কাজ খতিয়ে দেখে এবং অভিযোগসমূহের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
অন্যদিকে আজ দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি অভিযান পরিচালনা করে। হাসপাতালটির অর্থোপেডিক বিভাগে রোগীর অপারেশনের সিরিয়াল দিতে অনিয়ম, চিকিৎসা সরঞ্জামের মূল্যের অতিরিক্ত অর্থ আদায় এবং সরবরাহকারীদের সঙ্গে কমিশন বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয়। ওই অভিযানেও সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যার ভিত্তিতে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।









