নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ছবির কাজ শেষ। দীর্ঘদিন পর সম্প্রতি মডেল-অভিনেত্রী স্বাগতার এ ছবিতে কাজ করতে পেরে অনেকটা খুশি তিনি। ছবি প্রসঙ্গে বলেন, আমাকে দর্শক নতুনভাবে দেখতে পাবেন।
এদিকে ছয় বছর পর চলচ্চিত্রে অভিনয় করছেন স্বাগতা। তাকে সর্বশেষ দেখা গেছে ‘অশান্ত মন’ চলচ্চিত্রে। ছবিটি নির্মাণ করেন কাজী হায়াৎ। ছবিতে অভিনয় করেন কাজী মারুফের বিপরীতে।
২০১৪ সালে ‘সূচনা রেখার দিকে’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু নানা কারণে ছবিটি এখনো মুক্তি পায়নি।
২০০৭ সালে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ চলচ্চিত্রে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন স্বাগতা। সেই সময় ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সাড়া ফেলে। প্রথম ছবি দিয়ে স্বাগতা মন জয় করেন বড়পর্দার দর্শকের।
কিন্তু ঐ ছবির পর স্বাগতা চলচ্চিত্রের চেয়ে ছোটপর্দায় বেশি মনোযোগী হন। বর্তমানে ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন। রিদম খান শাহীনের ‘পাগলের সুখ মনে মনে’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।









