চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে বৃষ্টির জন্য এক বলও হয়নি। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠ আবারও প্রস্তুত করা হয়। লাঞ্চ বিরতির পর দুই দল মাঠেও নামে। জয়ের সুবাস পাওয়া আফগানিস্তানই বোধ হয় তাতে সবচেয়ে খুশি ছিল। কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না। ১৩ বল গড়াতেই আবারও খেলা বন্ধ।
অবশ্য প্রকৃতি বাধা হয়ে দাঁড়ানোতে তা আফগানদের হতাশা বাড়ালেও আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ দলে। বৃষ্টির কারণে প্রথম সেশন খেলা গড়ানো যায়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও দুপুরের দিকে থামে বৃষ্টি। কালকেও বৃষ্টির হানায় পুরো খেলা মাঠে গড়ায়নি। তাই আজ খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়।
এই টেস্ট জিততে আফগানরা ৩৯৮ রানের লক্ষ্য ছুড়ে দিলেও স্বাগতিকরা চতুর্থ দিন ১৩৬ রান তুলতেই হারায় ৬ উইকেট। অবশ্য এই টেস্ট জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার রেকর্ড আছে তাদের। তাই এই টেস্ট জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে।
টেস্টে এত রান তাড়া করে জেতার নজিরও খুব বিরল। সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান তাড়া করে এই রেকর্ডের তালিকায় পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় অবস্থানে ভারত। তারা ১৯৭৫-৭৬ মৌসুমে ৪০৩ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবশ্য কাল খেলার শেষভাগে বৃষ্টি হানা দেওয়ায় শেষ দিন ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৩০ মিনিটে।
ম্যাচ জিততে আফগানিস্তানের লাগবে আর মাত্র চার উইকেট। ওদিকে ম্যাচ বাঁচাতে সারা দিন ব্যাট করতে হবে বাংলাদেশকে। ম্যাচ যদি বাংলাদেশ জিততেও চায়, করতে হবে আরও ২৫৫ রান। সাকিব ৪৪ ও সৌম্য ২ রানে অপরাজিত আছেন এখন।









