রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
অভিযানে চারটি ক্লাবেই ক্যাসিনোর সরঞ্জাম পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এসব ক্লাবের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা গেছে।
এই ক্লাবগুলোতে ক্যাসিনো রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া একজন পুলিশ সদস্য সাংবাদিদের জানিয়েছেন, চারটি ক্লাবেই ক্যাসিনোর সামগ্রী পাওয়া গেছে।
ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ক্যাসিনো বন্ধ করার জন্যই এই অভিযান। চারটি ক্লাবে অভিযান হচ্ছে। সেখান থেকে ক্যাসিনো সামগ্রী, টাকা ও মদ উদ্ধার করা হয়েছে।
আগে অভিযান কেন চালানো হয়নি-সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান সব সময় চলছে।
ক্যাসিনো সামগ্রী এক দিনে আসেনি উল্লেখ করে তিনি বলেন, ক্যাসিনো সামগ্রী একদিনে আসেনি। পুলিশ বিষয়টি জানতো না এমন নয়। তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সব সময় অভিযান পরিচালনা করেছে।









