অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই টাওয়ারের ১৯তলার ‘লাইফ স্টাইল স্পা’ নামক একটি স্পা সেন্টারে এই অভিযান চালানো হয়।
গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযানে ১৮, ১৯ ও ২০ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিন জন পুরুষকে আটক করা হয়েছে। স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রোববার রাত ৯ টার পর গুলশানে নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলার তিনটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেতরে ১৬ জন নারী ও ৩ জন পুরুষকে পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে বিকেলে ঢাকার মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাব।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভিক্টোরিয়া ক্লাবে দুই বোতল বিদেশি মদ ও ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।









