পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা রোববার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চলতি বছর বন্যার কারণে ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। ফলে ভারতে পেঁয়াজের পাশাপাশি নিত্যপণ্যের দামও বাড়ছে গত কিছুদিন ধরে। এর পরিপ্রেক্ষিতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এলো।
টানা বৃষ্টিপাত ও দেরিতে ফলন হওয়ায়, গেল কয়েক মাস ধরেই রফতানি মূল্য নিয়ে হিমশিম খাচ্ছিলো বিশ্বের শীর্ষ পেঁয়াজ রফতানিকারক দেশটি। এর জের ধরে গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজের রফতানি মূল্য ৩ গুণ বাড়িয়ে প্রতি টন ৮৫০ ডলার নির্ধারণ করে ভারত। দাম বেড়ে যায় বাংলাদেশেও। বিকল্প হিসেবে মিসর, তুরষ্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তা কার্যকর হবার আগেই পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলো ভারত। ধারণা করা হচ্ছে, অক্টোবরে নতুন মৌসুম শুরু হলে আবারও পেঁয়াজ রফতানি শুরু করবে দেশটি।
এদিকে ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় বন্দরে পেঁয়াজের দাম এক লাফে ১৫ থেক ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫২ টাকায় বিক্রি হলেও রোববার তা বেড়ে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।









