‘আমি সাক্ষ্য দিয়ে বলছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে, এতদিন পরে এ কথা কেনো?
গত জাতীয় নির্বাচন ভোটারবিহীন হয়েছে বলে ১৪দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উনি এতদিন পরে কথা বলছেন কেন? মন্ত্রী হলে কি তিনি এমন কথা বলতেন? রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।
তিনি আরও বলেন, এতদিন পর কেন তিনি (মেনন) এ কথা বলছেন? এই সময় কেন? নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৯ অক্টোবর) বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে (জাতীয় নির্বাচন) জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।









