জীবনের বাস্তবতা মেনে নিতে না পেরে তরুণরা নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম। যাদের জঙ্গি সন্দেহে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে তারা আগেও কোন না কোনভাবে জঙ্গিবাদের সঙ্গে ছিল।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ‘ঢাকা পিস টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপির অতিরিক্ত এই কমিশনার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের অনেকেই নতুন করে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তারা বয়সে তরুণ। তাদের রেডিক্যালাইজড করা হচ্ছে। জঙ্গিবাদের রিক্রুট, মোটিভেটরসহ নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
তিনি বলেন, যেসব তরুণের ভেতরে দেশপ্রেম নাই, মানুষের প্রতি দায়িত্ববোধ নাই, যার ভেতরে টলারেন্স নাই, মতাদর্শিক জায়গায় যে খুবই দুর্বল, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে পারছে না, ডিসিশন নিতে পাচ্ছে না এবং শর্টকাট পথ খুঁজছে সে ধরনের পলায়নপর তরুণরাই র্যাডিক্যালাইজড হচ্ছে।
নতুন করে কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে কিনা, এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, কেউ কেউ আগে থেকে ছিল। কেউ আবার নতুন করে জড়াচ্ছে। বর্তমানে জঙ্গিবাদের রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত, তারা ইন্টারনেটে লুকরেটিভ (লোভনীয়) প্যাকেজ দিচ্ছে। যাদের ভেতরে অ্যান্টিবডি কম তাদের টার্গেট করে নতুন করে জঙ্গিবাদে জড়ানো হচ্ছে।









