রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিচারক নেহা কক্করকে অডিশন রাউন্ডের সময় জোর করে চুমু খেয়ে বিতর্কের সৃষ্টি করলেন এক প্রতিযোগী। আয়োজক চ্যানেলের শেয়ার করা একটি স্বল্প সময়ের প্রোমো ভিডিওতে এমনটাই দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, নেহার জন্য একগুচ্ছ উপহার নিয়ে, রাজস্থানী পোশাকে ওই প্রতিযোগী নেহাকে জিজ্ঞাসা করেন, নেহা তাকে চেনেন কি-না? নেহা হয়তো মনে করতেই যাচ্ছিলেন, সেই সময় তার জন্য আনা টেডি বিয়ার আর একটি মূর্তি নেহার হাতে তুলে দেন সেই ব্যক্তি।
এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই সবাইকে অবাক করে নেহাকে জড়িয়ে ধরে, জোর করে গালে সটান চুমু খেয়ে নেন সেই প্রতিযোগী। ছিটকে সরে আসেন নেহা। পাশে দাঁড়ানো শো-র সঞ্চালক আদিত্য নারায়ণ ও অনুষ্ঠানের অন্যতম বিচারক অনু মালিকও গোটা ঘটনায় হকচকিয়ে যান।









