বোর্ডের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বুধবার বিসিবি কার্যালয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। একই সঙ্গে শুক্রবার থেকে ক্রিকেটারদের মাঠে ফেরার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে ১১ দফা দাবিতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে সমস্যা সমাধানে বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বিসিবি কার্যালয়ে বসার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের। এ নিয়ে দু’দফা তারা সাংবাদিকদের জানান, ক্রিকেটারদের অপেক্ষায় রয়েছেন। তবে বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দেন আন্দোলনরত ক্রিকেটাররা।
এরও আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিসিবি সভাপতি পুরো পরিস্থিতি বর্ণনা করেন। এ সময় বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক, বর্তমানে বিসিবি পরিচালক এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নাঈমুর রহমান দুর্জন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিকেল ৩টায় গণভবন থেকে বের হয়ে আসেন বিসিবি সভাপতি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা খেলোয়াড়দের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি।’
ক্রিকেটারদের আজ যে দুটি নতুন দাবি ছিল সেগুলো সম্পর্কে পাপন বলেন, ‘ওই দুই দাবি আমরা আজ প্রথম টিভিতে শুনেছি। আগে ছিল না। আজ শুনেছি। এ কারণে ওগুলো নিয়ে আলাপ করিনি। তবে যৌক্তিক দাবি হলে অবশ্যই আমরা আলোচনা করবো। এগুলো আমাদের লিগ্যাল এডভাইজারের কাছে পাঠিয়েছি। সেখান থেকে যৌক্তিক বলা হলে আমরা অবশ্যই মেনে নেবো।’
এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু সমস্যার কথাও শুনেছেন বলে দাবি করেন পাপন। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের কথা শুনছি। এর বাইরেও কিছু ব্যক্তিগত সমস্যার কথা শুনেছি তাদের। তবে বলেছি, আজ তো সব শোনা সম্ভব নয়। কিন্তু আমরা সবারই সমস্যার কথা শুনবো। তাদেরকে বলে দিয়েছি, সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে। আমরা সমাধান করবো।’









