বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এ জামিনাদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে।
২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় মামলাটি করেন। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার অপর আসামি হলেন, ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় লতিফ সিদ্দিকীর আইনজীবী জামিন আবেদন করেন









