নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট দুপুর থেকে শিথিল হয়েছে।
দুপুর পৌনে ২টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ শিথিল করলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে বুধবার সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এলোপাথাড়ি করে বিভিন্ন যানবাহন ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে তারা।
এর আগে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সব পরিবহন বুধবার সকাল থেকে বন্ধ ছিল। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে থেকেও না পেয়ে হাঁটতে শুরু করে।
জানা গেছে, নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ওই কর্মবিরতিতে সংহতি প্রকাশ করে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল।
সকাল ৬টা থেকেই পরিবহন শ্রমিকরা সাইনবোর্ড এলাকায় দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। তখন ব্যক্তিমালিকাধীনসহ বেসরকারি গাড়ি চলাচল করছিল। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এলোপাথাড়ি যানবাহন ফেলে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ঢাকামুখী রাস্তা বন্ধ করে দেয়।









