রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলার রায় আজ রোববার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।
ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বিকেল ৩টার দিকে এ রায় ঘোষণা করবেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ। অপরদিকে, নিহত দিয়ার আত্মা শান্তি পাবে- এমন রায় চান তার বাবা।
গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৩৭ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।
আসামিরা হলো—জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ ও হেলপার এনায়েত হোসেন এবং অন্য বাস মালিক জাহাঙ্গীর আলম, গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। গত বছরের ২২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। আর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম হত্যা মামলা করেন।









