ঠিক ২৪ ঘণ্টা আগে মেয়েদের কুমি অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন মারজানা আক্তার প্রিয়া। ২৪ ঘণ্টা পর তিনি সোনা জয়ের লড়াইয়ের পথে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোচ জসিম উদ্দিন জানিয়েছেন, প্রিয়ার অবস্থা গুরুতর। দোয়া করবেন।’
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দলগত কুমির সেমিফাইনাল লড়াইয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলে ছিলেন হুমায়রা আক্তার অন্তরা, মারজানা আক্তার প্রিয়া, ও মাউনজেরা বন্যা। প্রথম ম্যাটে নামেন বন্যা। তিনি আহত হয়েও ৮-৪ ব্যবধানে জিতে ম্যাট ছাড়েন।
দ্বিতীয় ম্যাটে নামেন প্রিয়া। শুরুতেই শ্রীলঙ্কার বান্দারা তার পেটে আঘাত করেন। তাতে শুরুতেই চিকিৎসা নিতে হয়। এরপর বান্দারা তার মুখে আঘাত করে। ঠোঁট ফেটে রক্ত বেরোয়। তবু আশা ছাড়েননি। লড়াই চালিয়ে যান তিনি।
কিন্তু একপর্যায়ে ঠিকই জ্ঞান হারান। ভেন্যুতে উপস্থিত ডাক্তাররা নানা চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হওয়ায় অ্যাম্বুলেন্সে পাশের হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।









