মিয়ানমারের রোহিঙ্গাদের জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার শুনানি মঙ্গলবার (১০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) শুরু হবে। সম্প্রতি আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় মামলার শুনানি শুরু হবে। তিন দিনব্যাপী শুনানি শেষ হবে আগামী বৃহস্পতিবার।
গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে-এ মামলাটি করে গাম্বিয়া। দেশটির বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবাকর তামবাদাউ তার দেশের পক্ষে শুনানিতে নেতৃত্ব দেবেন।
এদিকে মিয়ানমারের পক্ষ থেকে দেশটির উপদেষ্টা অং সান সু চি সোমবার হেগে পৌঁছেছেন। তার নেতৃত্বাধীন একটি দল মিয়ানমারের পক্ষে লড়বে।
রোহিঙ্গাদের রক্ষায় এবং মিয়ানমারে সব ধরনের গণহত্যা বন্ধে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলায় আইসিজের প্রতি আহ্বান জানায় গাম্বিয়া। এর জের ধরে গত ১৮ নভেম্বর সংস্থাটি এ বিষয়ে শুনানির জন্য ১০-১২ তারিখ পর্যন্ত শুনানির দিন ধার্য করে।
তিন দিনব্যাপী শুনানিতে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও, পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুনানি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আদালতে উপস্থিত থাকবেন।
এই বিশ্ব আদালতে শুনানি শুরুর প্রাক্কালে গণহত্যার ন্যায়বিচার চেয়েছেন নিপীড়িত রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরগুলোতে রোহিঙ্গারা ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছেন। আবার কেউ কেউ টুইটারে পোস্ট করেছেন, ন্যায়বিচারের জন্য আজ রোজা থাকবেন তারা। খবর রয়টার্সের









