অপরাধী হলে শাস্তি পেতেই হবে

0
224

মানবাধিকার লঙ্ঘনকারীদের ওপর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারী কেউ রক্ষা পাবে না। যেকোনো হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, হত্যাকারী, দুর্নীতিবাজ যতবড় শক্তিশালী হোক, কেউ ছাড় পাবে না।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এগুলো সমাজকে নষ্ট করে, ধ্বংস করে। কাজেই সমাজ থেকে এই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি- এটাও প্রতিরোধ করতে হবে। এজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা সবচেয়ে বেশি প্রয়োজন।

সম্প্রতি নারী নির্যাতনসহ চাঞ্চল্যকর কিছু ঘটনার বিচার দ্রুত কার্যকর করার জন্য বিচারবিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা দ্রুত সেটার ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, দেশের তরুণরা মানুষের মানবাধিকার রক্ষা করবে। যারা মানবাধিকার লঙ্ঘন করবে তরুণরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

অনুষ্ঠানের শুরুতে মানবাধিকারের ওপর থিম সং পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মানবাধিকারের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। মানবাধিকার দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here