মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।
এর আগে গত ১৭ নভেম্বর এই মামলার বিচারিক কাজ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলো ট্রাইব্যুনাল। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল ও আইনজীবী জাহিদ ইমাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।
গত বছরের ২৭ মার্চ এ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে একই বছরের ৮ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ আসামির বিরুদ্ধে মামলায় মুক্তিযুদ্ধ চলাকালে রাজশাহীর বোয়ালীয়ায় দশ জনকে হত্যা, দুই জনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেয়ার অভিযোগ এসেছে।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলেও মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। গত ৩১ অক্টোবর তার আপিল মামলার রায় ঘোষণা করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, আপিলের রায় হাতে পেলে তার রায় রিভিউ চেয়ে আবেদন করবেন। এর আগে আজহারকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিল। আরো বেশকটি মামলা আপিলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে এসব আপিল মামলা শুনানি ও নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।









