পদ্মা সেতুর পৌনে ৩ কিলোমিটার দৃশ্যমান

0
306

পদ্মা সেতুর ১৮তম স্প্যান ৩-ই বসছে আজ বুধবার (১১ ডিসেম্বর)। এই স্প্যানটি বসানো হবে মুন্সীগঞ্জ মাওয়া প্রান্তের সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের (পিয়ার) ওপর। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর দুই হাজার ৭০০ মিটার।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭ ও ১৮ নম্বর পিয়ারের উদ্দেশে তিয়ান-ই ক্রেনে করে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘের তিন হাজার ১৪০ টন ওজনের ৩-ই স্প্যানটি নিয়ে রওয়ানা করবে। আবহাওয়া ঠিক থাকলে আজই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান।

পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এরমধ্যে ১৮টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে।

তাছাড়া সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।  পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here