ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভেতরে ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।
মঙ্গলবার শাহবাগ থানার উপ-পরিদর্শক রইচ উদ্দিন বাদী হয়ে এ মামলা (মামলা নং-৩৪) করেন।
শাহাবাগ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান জানান, নুরদের ওপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আট আসামি হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়।
এদিকে ডাকসুতে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য গত রোববার দুপুরে ভিপি নুরদের ওপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরসহ অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর অবস্থা গুরুতর।









