জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। আর বাদবাকি ২৪৫ কোটি ৫০ লাখ টাকা দেবে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসির মিলনায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
পাস হওয়া প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ ও ‘মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধন)’, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’, শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্পনগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত)’ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাওর এলাকায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্প।









