ইংরেজি নববর্ষকে বরণ করতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর মদের বারগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মদের বার বন্ধ থাকবে। রেসিং কার নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বাড়ির ছাদসহ যেকোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান উদযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
কমিশনার বলেন, ‘৩১ ডিসেম্বর রাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে।’
‘কতিপয় ব্যক্তি পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা বা দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে। ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে আপত্তিকর আচরণ করে।’ এ সব কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন কমিশনার।









