বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।
দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। রাত ১০টার দিকে তিনি নিজ বাসায় অুসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াত বাসুদেব ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে বাসুদেব ঘোষের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষ গতকাল রাতে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরকার বাসুদেব ঘোষ ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছিলেন। তার সুরে অন্যতম গানের মধ্যে রয়েছে- ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।
২০১১ সাল থেকে তিনি অনেকটা নিভৃতে নিজ উদ্যোগে কাজ করছিলেন ইতিহাসের সবচেয়ে বড় দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে।
এক হাজার দেশের গান নিয়ে সাজানো এই অ্যালবামে নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’। যাতে এর মধ্যে কণ্ঠ দিয়েছেন শতাধিক শিল্পী। গান রেকর্ড করেছেন প্রায় আড়াইশটি।









