বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শিশু, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুর খবর শুক্রবার সকালে বাগেরহাট পৌঁছার পর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪০ সালের ১ অক্টোবর মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের বর্ধিষ্ণু পবিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী রহমত আলী, আর মায়ের নাম ময়ফুল বিবি। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ হোসেনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ডা. মোজাম্মেল হোসেন ১৯৯১ সালে বাগেরহাট -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার সময়েই বিধভা ভাতা, দারিদ্র ভাতা, বয়স্ক ভাতাসহ দেশের সাধারণ মানুষের কল্যাণে অনেক সুযোগ-সুবিধা চালু হয়।









