সময় যত গড়াচ্ছে, ভোট ব্যবধানে ক্রমেই এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। ইতোমধ্যেই জয়ের সুবাস পেতে শুরু করেছেন তিনি। ফলে কপাল পুড়ছে ডোনাল্ড ট্রাম্পের। টানা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস দখলের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে তার।
ফল বাকি থাকা পাঁচ রাজ্যের মধ্যে এখনও তিনটিতে এগিয়ে বাইডেন। এর মধ্যে মাত্র একটিতে জিতলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ৪ হাজার ২২৪ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সেখানে এখনও ৫০ হাজারের মতো ভোট গণনা বাকি।
যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল অঙ্গরাজ্য ও ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতেও ব্যবধান বাড়িয়েছে ডেমোক্র্যাটরা। ভোটের তিনদিনের মাথায় শুক্রবার চূড়ান্ত নাটকীয়তা দেখিয়ে এ অঙ্গরাজ্যটিতে এগিয়ে যান বাইডেন। এখন পর্যন্ত সেখানে ১৯ হাজার ৬২৫ ভোট বেশি পেয়েছেন তিনি। রাজ্যটিতে অবশ্য এখনও দেড় লাখের কাছাকাছি ভোট গণনা বাকি।
তবে আশা রয়েছে ট্রাম্পেরও। কোনওভাবে যদি তিনি ফল বাকি থাকা পাঁচটি রাজ্যেই জিততে পারেন, তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
যদিও পপুলার ভোটের পাশাপাশি এ বছর ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতে ফল বদলেও যেতে পারে।









