বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী আমিনুল

0
2

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিও সরকার হাতে নিয়েছে বলে জানান তিনি। শনিবার (৩১ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় মো. মাহবুবার রহমান বকুলের পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গবাদিপশু, হাঁস-মুরগি ও খামার রয়েছে। এসব খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে তরুণ ও নারীরা বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। উৎপাদিত গ্যাস আশপাশের বাড়িতে সরবরাহ করেও তারা মুনাফা অর্জন করতে পারবেন।

আমিনুল হক বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন, মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উল্লেখযোগ্য। পাশাপাশি উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে সরকার।

যুবকদের অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

খেলাধুলাকে মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি নতুন বই পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ যাদের ওপর নির্ভর করছে, সেই প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here