যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলায় একজন নারী নিহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হামলা চলাকালে ভবনের ভেতরে একজন গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
৬ জানুয়ারি, বুধবার ওই ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের জয়ের স্বীকৃতির আনুষ্ঠানিকতা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদের সভাকক্ষের প্রবেশদ্বারে অস্ত্র তাক করার দৃশ্য দেখা গেছে। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে। ভবনের ভেতরে বিক্ষোভকারীদের ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি’ শ্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে। একজন ট্রাম্প সমর্থকের ছবি প্রকাশ করা হয়েছে যেখানে তিনি সিনেটের সভাপতির আসনে বসে আছেন।
বুধবার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল এ ঢুকে পড়েন। এর কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে, কিন্তু সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে দেখা গেছে। দুপুরের পরই আমেরিকার রাজধানীতে নাটকীয় দৃশ্যে দেখা যায় – শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফেরার অনুরোধ করেন। কিন্তু তিনি আবারো দাবী করেন জো বাইডেনের ডেমোক্র্যাট দল নির্বাচন চুরি করেছে যদিও তিনি কোন প্রমাণ দিতে পারেন নি।
তিনি বলেন, ‘আমি তোমাদের বেদনা বুঝি, আমি জানি তোমরা কষ্ট পেয়েছ।’ তিনি আরও বলেন, ‘তোমাদের এখন বাড়ি ফিরতে হবে, আমাদের শান্তি দরকার, আমরা চাইনা কেউ আহত হোক।’
জো বাইডেন বলেছেন, এই বিক্ষোভ ‘একটি বিদ্রোহের সমতুল্য এবং এখনই তার অবসান হওয়া উচিত।’ তিনি বলেন ‘এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।’









