তীব্র শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রাম, তাপমাত্রা ৫ ডিগ্রিতে

0
196

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস বলছে কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ৩১ জানুয়ারি, রোববার (আজ) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এক সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কোটায় থাকার পর আজ হঠাৎ ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে আশায় চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ।

গতকাল সকাল ৬টায় কুড়িগ্রামের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসেয়িাস। আজ রোববার ৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিয়েছে।

এদিকে টানা ৬ দিন মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার পর হঠাৎ তীব্র শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তারা। জনশূন্য হয়ে পড়েছে রাস্তা ঘাট। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। শীতের কারণে দুর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

প্রচণ্ড ঠাণ্ডা এবং ঘন-কুয়াশায় জবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিনের অধিকাংশ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে সারারাত বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয় এ জেলায়।

রাতভর শীতের সাথে যুদ্ধ করে সকালে কাজে যোগ দেয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এছাড়া দুর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

কৃষকরা জানান, প্রচণ্ড শীতে জেলার চলতি ইরি-বোরো চাষ কিছুটা ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, হঠাত করেই কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। যা এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here