অনল কুমার: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টার প্লাস কমিউনিকেশন এয়াওয়ার্ড-২০২১ গ্রহণ করলেন ফেরদৌস আরা, রাজু আলীম, অপূর্ব এবং সানজিদা পারভীনসহ আরো অনেকে।
এ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ২৯ জানুয়ারী হোটেল সোনাগাঁও প্যান প্যাসিফিকের পদ্মা হলে বসেছিলো তারার মেলা। বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। পেশাগতভাবে সংগীত জীবনের ৪৮ বছর অতিক্রম করছেন দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। দীর্ঘ চার যুগের এ পথচলাকে শ্রদ্ধা জানিয়ে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে স্টারপ্লাস কমিউনিকেশন। পুরস্কার হাতে নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে ফেরদৌস আরা বলেন, এমন স্বীকৃতি দায় এবং দায়িত্ব দুটোই বাড়িয়ে দেয়। স্বীকৃতির এমন বিরল আয়োজন যেনো অব্যাহত থাকে, এই প্রত্যাশা করেন তিনি।
একই অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য সম্মানিত হন এই সময়ে মিডিয়ায় আলোচিত নাম কবি, সাংবাদিক, উপস্থাপক, টিভি প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক রাজু আলীম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম বলেন, এমন আয়োজন আরো অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হোক। বলেন, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, আর এমন সম্মান দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, কাজ করতে উৎসাহ বাড়ায়-বলে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ বরেণ্য শিল্পীদের সম্মানিত করে আসছে স্টার প্লাস কমিউনিকেশন।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এ্যাওয়ার্ড প্রদান করা হলো। অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্ব। সংগীতে অনবদ্য অবদানের জন্য উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার, সংবাদ পাঠে সেরার পুরস্কার নিয়েছেন এশিয়ান টিভির সংবাদ পাঠক সারা মাহজাবীন, উপস্থাপনায় পুরস্কার পেয়েছেন চ্যানেল আইয়ের সানজিদা পারভীন, তরুণ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন আলমগীল হোসেন, সমাজসেবায় মোসাদ্দেক হোসেন, সাংবাদিকতায় ফয়জুল্লাহ সাঈদ, বিনোদন সাংবাদিকতায় সম্মননা গ্রহণ করেছেন যুগান্তরের এফআই দীপু।
এছাড়াও শাফিয়া হক পিউ (এনটিভি), তিথি কবির (মডেল), মন্দিরা চক্রবর্তী (নৃত্য) এবং সানজিদা মাহমুদ নন্দিতা (সংগীত)- পেয়েছেন জুরি এ্যাওয়ার্ড।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন স্টার প্লাস কমিউনিকেশন-এর উপদেষ্টা ও আইডল গ্রুপ এর চেয়ারম্যান এ. কে. এম. নজরুল ইসলাম।









