করোনা পরিস্থিতি শেষ হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার (২১ মার্চ) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি এ কথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘করোনাভাইরাস মহামারীর মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে এবং এটা হবে গেইম চেঞ্জার। চট্টগ্রামের মিরসরাইয়ে হবে জাপানের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানকে জায়গা দেওয়া হয়েছিল, যা আগামী বছর প্রস্তুত হবে বলেও জানান রাষ্ট্রদূত।
জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, মাতারবাড়ি প্রকল্পের কাজ শেষ হলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই জাপান এবং বাংলাদেশ যৌথভাবে এই টার্মিনালটি পরিচালনা করবে।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।









