গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯৪ জনের মৃত্যু

0
149

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৮১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

একই সময়ে ১৮ হাজার ৭৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬৯ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৬, খুলনায় ৩, বরিশালে ২ এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here