নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে গত ৩ দিনে করোনায় ১২ জন মারা গেলেন। এপ্রিলের ১৬ দিনে মারা গেলেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে। একই সময়ে এ জেলায় আক্রান্ত হয়েছে ৭৩ জন। শুক্রবার দুপুরে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য জানায়।
নিহত ৪ জনের মধ্যে তিনজনই সোনারগাঁর। তাদের তিনজন পুরুষ ও একজন নারী। প্রত্যেকের বয়স ৫০ এর উপরে।
জেলা স্বাস্থ্যবিভাগের দেয়া তথ্য অনুসারে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩৪ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সর্বোচ্চ। এ এলাকায় মারা গেছেন ১০০ জন। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ সদর এলাকা। এ উপজেলায় মারা গেছেন সংখ্যা ৩৭। সোনারগাঁয় মারা গেছেন ৩৬ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১ এপ্রিল আক্রান্ত হয়েছে ১২৯ জন, ২ এপ্রিল আক্রান্ত হয়েছে ১২৯ জন মারা গেছেন একজন, ৩ এপ্রিল ১৩৭ জন আক্রান্ত হন, ৪ এপ্রিল ১১৩ জন, ৫ এপ্রিল ১২০ জন, ৬ এপ্রিল ১৩৯ জন আক্রান্ত হন মারা যান ৩ জন, ৭ এপ্রিল ১৭৩ জন আক্রান্তের বিপরীতে মারা যায় ৩ জন, ৮ এপ্রিল ১১৪ জনের বিপরীতে মারা যায় একজন, ৯ এপ্রিল রেকর্ডসংখ্যক ১৯৯ জন আক্রান্ত হয়, মারা যায় ৩ জন, ১০ এপ্রিল ১১৮ জনের বিপরীতে একজনের মৃত্যু ও ১১ এপ্রিল ৮৭ জনের বিপরীতে একজন, ১২ এপ্রিল ১২১ জন ও ৩ জনের মৃত্যু এবং ১৩ এপ্রিল ১২৯ জন আক্রান্ত হয়, ১৪ এপ্রিল ৮৭ জন আক্রান্ত হয় মারা যায় ৫ জন, ১৫ এপ্রিল ৩ জন মারা যায়, আক্রান্ত হয় ৩৯ জন, ১৬ এপ্রিল ৪ জন মারা যায় আক্রান্ত হয় ৭৩ জন।
২০২০ সালে ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন এক প্রকার অচল ছিল। এরপর সংক্রম কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ আবার বাড়ছে দ্রুত গতিতে।









