গত জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। সেখানে এসআই, এএসআই, কনস্টেবলসহ মোট ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে তালিকায় নিহতদের পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি বার্তাও পাঠানো হয়।
বার্তায় বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।
পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।







