ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট-বলে দারুণ ভূমিকা রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি মিলেছে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।
মিরাজের রেটিং এখন ২৮৪। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৮৩ রেটিং নিয়ে মিরাজের পরই তিনে রবিচন্দ্রন অশ্বিনের অবস্থান।
সিরিজের প্রথম টেস্টে মোট ৪ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতেও খেলেছেন ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস। হেরে যাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ইনিংস ছিল তারই। সমতা ফেরানো দ্বিতীয় টেস্ট জয়ে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট। তবে ব্যাট হাতে ৩৬ ও ৪২ রানের দুটি ইনিংসে অবদান রাখেন তিনি।
এদিকে, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। এতদিন রাজত্ব করছিলেন জো রুট। তার সিংহাসন কেড়ে নিয়েছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক। আইসিসি র্যাঙ্কিংয়ে এবারই প্রথম শীর্ষে বসেছেন ব্রুক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েই র্যাঙ্কিংয়ে তার স্বীকৃতি পেয়েছেন ব্রুক। যদিও রেটিং পয়েন্টে একটি বাড়তি পয়েন্ট থাকাতেই শীর্ষে উঠেছেন তিনি। তার রেটিং ৮৯৮। রুটের রেটিং ৮৯৭। তবে ৮৯৮ রেটিং নিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের ৩৪তম সর্বোচচ টেস্ট রেটিংয়ে ভাগ বসিয়েছেন ব্রুক।
এই বছর জুলাইয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে পেছনে ফেলেই শীর্ষস্থান দখলে নিয়েছিলেন রুট। পুরো ক্যারিয়ারে ৯ বারের মতো শীর্ষস্থানে থেকেছেন।
বেসিন রিজার্ভে ব্রুক ইংল্যান্ডের ৩২৩ রানের জয়ে ১২৩ ও ৫৫ রানের ইনিংস খেলেছেন। রুট অবশ্য খেলেছেন ৩ ও ১০৬ রানের ইনিংস।





