ঢাবি ছাত্র সাম্য হত্যায় আরও ৮ জন গ্রেপ্তার

0
74

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জড়িত আটজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। এর আগে ১৩ মে ঘটনার রাতেই শাহবাগ থানার পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক। অর্থাৎ হত্যায় জড়িত অভিযোগে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।

ডিবি সূত্র জানায়, সাম্য হত্যা মামলায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজনকে পরদিন রিমান্ডে নেওয়া হয়। তারা হলেন- সোহাগ, হৃদয় ইসলাম ও রবিন। সেদিন সুজন সরকার নামে আরেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আর রিপন নামে গ্রেপ্তার আরেকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১৩ মে রাত ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here