ভারতের জনপ্রিয় ক্রাইম শো ‘সিআইডি’র পরিচিত তিন মুখ আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম ও আদিত্য শ্রীবাস্তব অভিনয় করছেন ‘পাপনাশম’ নামের একটি নতুন ক্রাইমভিত্তিক সিরিজে। তবে এবার তাদের দেখা যাবে না ‘সিআইডি’ কর্মকর্তার চরিত্রে। দুই দশকেরও বেশি সময় ধরে ‘সিআইডি’র মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয় ছিলেন এই তিন অভিনেতা। দীর্ঘ বিরতির পর নতুন একটি ক্রাইম শোর মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইনস্টাগ্রামে নতুন সিরিজটির ঘোষণা দেন দয়ানন্দ শেঠি। সেখানে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটিতে পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যায় এবং তারা ‘পাপনাশম’ সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন।
ভিডিওর শুরুতে শিবাজি সাতম বলেন, যে দিনের জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান হয়েছে। ম্যাঙ্গালোর ও উদুপিতে আমাদের নতুন শোর শুটিং শুরু হয়েছে।
এরপর সিরিজটির ধরন সম্পর্কে জানান আদিত্য শ্রীবাস্তব। তিনি বলেন, এটিও একটি ক্রাইম শো, তবে কিছুটা ভিন্ন। আমাদের সবাইকে এখানে ভিন্ন অবতারে দেখা যাবে।
অর্থাৎ, ‘সিআইডি’র পরিচিত পুলিশ কর্মকর্তার চরিত্রের বদলে এবার ভিন্ন ধরনের ভূমিকায় হাজির হচ্ছেন এই অভিনেতারা। নতুন সিরিজে তাদের চরিত্র ও গল্প কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
‘সিআইডি’তে দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম ও আদিত্য শ্রীবাস্তবের অভিনীত চরিত্রগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন ‘পাপনাশম’-এ তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবরে সেই পুরোনো দলকে একদম নতুন ভূমিকায় দেখার আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ।









