চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু

0
54

বৈশাখী টিভিতে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক রাজিউল আমিন তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘সেনা সমর্থিত সরকারের সময় আসামি মোজাম্মেল বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। তারা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যান। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানোর পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়েছে, ‘সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।’

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গত ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রমনা থানার হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here