তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।
এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।
এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)। আগামী ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকালে তাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা দেবেন।
আসিফ রহমান বলেন, সফরের তৃতীয় দিন (১৩ আগস্ট) প্রফেসর ইউকেএম চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান প্রদেশের শাসক টুয়াঙ্কু মুহরিজ ইবনে মুনাভিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।




