লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর জুলিয়ান ওয়ার্ড

0
3

রিচার্ড হিউজের বিদায়ের পর নতুন স্পোর্টিং ডিরেক্টর নিয়োগ দিয়েছে লিভারপুল। পরিচিত মুখ জুলিয়ান ওয়ার্ডকে আবারও এই দায়িত্বে ফিরিয়েছে ইংলিশ ক্লাবটি।

৪৫ বছর বয়সী ওয়ার্ডের সঙ্গে লিভারপুলের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১২ সালে ক্লাবটির ফুটবল অপারেশনে যোগ দেওয়ার পর স্কাউটিং, রিক্রুটমেন্ট ও খেলোয়াড় উন্নয়ন পরিকল্পনায় কাজ করেন তিনি। পরে ইউরোপিয়ান স্কাউটিং ম্যানেজার, লোন প্লেয়ার ম্যানেজমেন্টের পরিচালক, সহকারী স্পোর্টিং ডিরেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এরপর ২০২২-২৩ মৌসুমে প্রথমবার লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পান ওয়ার্ড। সেই দায়িত্ব থেকে ২০২৩ সালে সরে দাঁড়ানোর পর ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন তিনি। এবার আবারও ফিরলেন অ্যানফিল্ডের গুরুত্বপূর্ণ এই পদে।

হিউজ গত ৫ সেপ্টেম্বর লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান। ২০২৪ সালের জুনে বোর্নমাউথ থেকে অ্যানফিল্ডে আসা হিউজ পরে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে যুক্ত হন। তার বিদায়ের পর নতুন স্পোর্টিং ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু করে লিভারপুল।

হিউজের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন এফএসজি প্রেসিডেন্ট মাইক গর্ডন। শেষ পর্যন্ত অভ্যন্তরীণভাবেই ওয়ার্ডকে বেছে নেয় লিভারপুল। ক্লাবের ফুটবল কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় এবং আগের অভিজ্ঞতাই তার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লিভারপুলের হয়ে প্রথম দফায় স্পোর্টিং ডিরেক্টর থাকার সময় ওয়ার্ড দলবদলে দারউইন নুনিয়েজ ও কোডি গাকপোর মতো খেলোয়াড়দের দলে আনার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লিভারপুলে যোগ দেওয়ার প্রক্রিয়াতেও তার ভূমিকা ছিল। মাইকেল এডওয়ার্ডসের সহকারী হিসেবেও লুইস দিয়াজকে দলে আনার প্রক্রিয়ায় কাজ করেছিলেন তিনি।

নতুন দায়িত্বে ওয়ার্ডকে এখন লিভারপুলের ফুটবল অপারেশনের নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন কোচ আন্দোনি ইরাওলাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও থাকবে তার দায়িত্বের মধ্যে।

নিয়োগের পর ওয়ার্ড বলেছেন, লিভারপুলের মালিকপক্ষ তার ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি ‘অত্যন্ত উচ্ছ্বসিত’। এক দশকের বেশি সময় ক্লাবটির ফুটবল অপারেশনের সঙ্গে যুক্ত থাকার কারণে এই দায়িত্বের চ্যালেঞ্জ ও ক্লাবের প্রত্যাশা সম্পর্কে তার সরাসরি ধারণা রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here