সাকিবকে মিস করছেন নাসির

0
4

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল। দলটির হয়ে খেলবেন নাসির হোসেনও। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ক্রিকেটার জানালেন শিরোপা জেতার স্বপ্নের কথা।

ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলটির ক্রিকেটাররা। নাসির বলেন, ‘বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট করছি, প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই লক্ষ্য থাকবে একটা ভালো পর্যায়ের ফলাফল অন্তত করার। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো হয়েছে। আর এখন আমরা যদি দুবাইয়ে গিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষে আসবে এবং ভালো একটা ফলাফল হবে।’

দলগুলোর শক্তি নিয়ে নাসির বলেন, ‘ওরা শারীরিকভাবে অনেক ভালো এবং বড় প্লেয়ার। আমাদের দিক থেকে আপনি এটা বলতে পারেন যে আমরা তরুণ একটা দল। আমাদের এখানে অনেক প্লেয়ার আছে। এদিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে। বিশেষ করে আমার মনে হয় ফিটনেসের দিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে।’

শিরোপার লক্ষ্যের কথা জানিয়ে নাসির আরো বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাচ্ছি। এটা আসলে টি-টোয়েন্টি খেলা, বলা কঠিন। আপনি বলে বলে তো চ্যাম্পিয়ন হতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করার জন্য।

শুরুতে গুঞ্জন থাকলেও স্কোয়াডে নেই সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে নিয়ে নাসির বললেন, ‘অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করছি। এটা বলার অপেক্ষা রাখে না। সাকিব ভাই থাকলে অবশ্যই খুব ভালো হতো এবং আমরা আশাও ছিল যে সাকিব ভাই থাকবে হয়তোবা। আমি জানি না সাকিব ভাই থাকবে কি থাকবে না, এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু সাকিব ভাই থাকলে খুব ভালো হতো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here