মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

0
8

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। গত ১৯ সেপ্টেম্বর এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। দুয়ার জন্মের প্রায় দু’বছর পর পরিবারে নতুন সদস্যকে বরণ করে নেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দের খবর তারা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন।

তবে দীপিকার কাছে মাতৃত্বের এই দ্বিতীয় ইনিংস কেবলই ব্যক্তিগত আনন্দের মাঝে সীমাবদ্ধ থাকছে না। মাতৃত্বের শুরুদিকের অনুভূতি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে নীরবে একটি বিশেষ প্রকল্প সাজাচ্ছেন এই অভিনেত্রী। যদিও উদ্যোগটির বিস্তারিত রূপরেখা এখনো প্রকাশ্যে আনেননি তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই সন্তানকে লালন-পালনের বাস্তব অভিজ্ঞতাই তার এই নতুন চিন্তার মূল অনুপ্রেরণা। দীপিকার এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছেন সাবিকা পাটনী। ভারত ও যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং ভোগ্যপণ্য খাতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবিকার। সাম্প্রতিক সময়ে নারী স্বাস্থ্য এবং মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা নিয়ে দীপিকা বরাবরই সরব। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজের ব্যস্ততা কমেনি তার; চলতি বছরের শুরুতেও সমান তালে সামলেছেন নানা গুরুত্বপূর্ণ কাজ। এর আগে ২০১৫ সালে নিজের বিষণ্ণতা ও উদ্বেগের কথা প্রকাশ করে গঠন করেছিলেন ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’, যা মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে।

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করলেও রুপালি পর্দা থেকে দূরে সরছেন না দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here