সাংবাদিক সাজেদা হকের দায়ের করা সাধারণ ডায়েরী তদন্ত শেষে ননজিআর মামলা নং ৫/২৬ এ ৫০৬ ধারায় চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত। সকালে চীফ মেট্রোপলিটনের ১৩ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
গত ২০ নভেম্বর ২০২৫্ইং তারিখে আসামী খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন সাংবাদিক সাজেদা হক। আদালত এই অভিযোগ তদন্তে পল্টন থানাকে আদেশ দেন। আদালতের নির্দেশে সাংবাদিক সাজেদা হকের দায়ের করা অভিযোগটি তদন্ত করেন পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নূর ইসলাম (বিপি-৯৩১৯২২৫৪১৭)। তদন্ত শেষে গত ১৮/০২/২৬ ইং তারিখে আসামী খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
আজ ননজিআর মামলা নং ৫/২৬, পল্টন থানায় চার্জ গঠনের জন্য শুনানি ছিলো। আসামী পক্ষের আইনজীবী ডিসচার্জ আবেদন করলেও আবেদন বাতিল করে ৫০৬ ধারা মোতাবেক চার্জ গঠনের আদেশ দেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, সিআরপিসি মামলা নং ১৮০৬ এ আসামী খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে সই জালের অভিযোগ তদন্তাধীন। একই সাথে পল্টন থানায় খন্দকার মিরাজুলের দায়ের করা সাধারণ ডায়েরীর অভিযোগটি মিথ্যা জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পল্টন থানা পুলিশ। এছাড়াও সাংবাদিক সাজেদা হককে হয়রানি, মানহানি, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয়া খন্দকার মিরাজুল ইসলাম ও তার গংদের বিরুদ্ধেও পল্টন থানায় আরও একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে।









