হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি

0
3

সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তাব দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এ প্রস্তাবে রাজি হননি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার শঙ্কা, ইসরায়েলিদের সহায়তা নিলে নিজ দেশের মানুষ ক্ষুব্ধ হতে পারেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সৌদিকে সহায়তা করতে হুথিদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দেন। যার লক্ষ্য ছিল সৌদির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক গড়া। কিন্তু সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারেন এমন ভয় থেকে প্রিন্স সালমান এতে রাজি হননি।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দখলদার ইসরায়েল। কিন্তু তাদের মূল লক্ষ্যে আছে সৌদি। ইসলামিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও শ্রদ্ধেয় দেশটির সঙ্গে সরাসরি সম্পর্ক গড়তে চায় তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আব্রাহাম চুক্তি আরও সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই।

এরমধ্যে ২০২৩ সালে সৌদি ও ইসরায়েল সম্পর্ক গড়ার দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ওই বছরের অক্টোবরে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর ওই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

হামাসের হামলার পর ইসরায়েলিরা গাজায় গণহত্যা শুরু করলে সৌদি-ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক গঠনের স্বপ্ন পুরোপুরি চাপা পড়ে। সৌদি আরব পরবর্তীতে শর্ত দেয়, ইসরায়েল যদি তাদের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাহলে আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে হবে।

সূত্র: মিডেল ইস্ট আই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here