‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

0
4

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়েছে। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমোরো জানান, ফাইনালে আসলে অস্বাভাবিক কিছু ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন কথা ছড়িয়ে কথা ছড়িয়ে পড়লেও সেসব নিয়ে ভাবতে চান না তারা।

রোমেরোর ভাষায়, ‘ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এমন জায়গা, যেখানে কেউ কিছুটা একটা লিখলেও তা ভাইরাল হয়ে যায়। স্পেন ভালো খেলেছে, আর আমরা কোনোমতে টিকে ছিলাম। পুরো বিশ্বকাপই শারীরিকভাবে আমাদের জন্য কঠিন ছিল। অনেকেই পুরোপুরি ফিট ছিলাম না।’

চোটের তালিকায় সতীর্থদের কথাও তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। লিয়ান্দ্রো পারেদেসের পাঁজরের হাড় ভাঙা ছিল, লিসান্দ্রো মার্তিনেজ ও নাহুয়েল মলিনাও চোটে ভুগেছেন। নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট ছিলেন না, আর এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভাঙা ছিল বলে জানান তিনি।

ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকেই অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় ভুগছিলেন রোমেরো। তিনি বলেন, ‘ফাইনালের আগে প্রায় কোনো দিনই অনুশীলন করতে পারিনি। কয়েকটি ওষুধ ও একটি ইনজেকশন নিয়ে কোনোমতে খেলতে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমার শরীর আর সইতে পারেনি।’

বিশ্বকাপের আগে হাঁটুর চোট নিয়েও শঙ্কায় ছিলেন রোমেরো। কোচ লিওনেল স্কালোনি তার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারাকে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন এই ডিফেন্ডার।

ফাইনালে হারের পর ছড়ানো গুঞ্জন নিয়ে রোমেরোর স্পষ্ট বক্তব্য, ‘আমরা এসব অর্থহীন বিষয়ে জড়াই না। গত ছয়-সাত বছর জাতীয় দলের সঙ্গে থেকে আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here