আসছে ‘ডুন থ্রি’, চমক নিয়ে আসছেন জেন্ডায়া

0
4

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় হলিউড তারকা জেন্ডায়া তার ব্যস্ত শিডিউলে যোগ করেছেন আরও এক নতুন অধ্যায়। এবার তাকে দেখা যাবে খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্রে। এর আগে ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত থাকা এই নির্মাতা নিজের মৌলিক চিত্রনাট্য থেকেই সিনেমাটি সাজাচ্ছেন।

তবে নতুন এই প্রজেক্টের নাম, সুনির্দিষ্ট কাহিনি কিংবা তার চরিত্রের ধরন সম্পর্কে নির্মাতারা এখনো সম্পূর্ণ রাখঢাক বজায় রেখেছেন। সায়েন্স ফিকশনের অদ্ভুত দুনিয়ায় গারল্যান্ডের দূরদর্শী পরিচালনা এবং জেন্ডায়ার সাবলীল অভিনয় মিলে পর্দায় কী চমক নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

এদিকে বড় পর্দার পাশাপাশি জেন্ডায়ার আলোচনায় থাকা আরেকটি কাজ হলো প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ডেনিস ভিলনেভ পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজিতে জনপ্রিয় চরিত্র ‘চানি’ হিসেবেই ফিরছেন তিনি। পল অ্যাট্রেইডিসের চরিত্রে তার সঙ্গে থাকছেন টিমোথি শ্যালামে।

চলতি বছরের ১৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তির প্রাথমিক পরিকল্পনা রয়েছে। মুক্তির আগেই চানির রূপায়ণে জেন্ডায়াকে সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন দৌড়ে রাখার গুঞ্জন শুরু হয়েছে। যদিও এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবুও ছবিটি মুক্তি পাওয়ার পর তার পারফরম্যান্স পুরস্কারের মঞ্চে কতটা আলো ছড়ায়, সেটি সময়ই বলে দেবে।

চলতি বছর জুড়ে জেন্ডায়ার ক্যারিয়ারগ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দি ওডিসি’-র মতো ভিন্ন ধারার ও বৈচিত্র্যময় প্রজেক্টে তার উপস্থিতি ছিল নজরকাড়া। বাণিজ্যিক ছবির পরিচিত গণ্ডি পেরিয়ে পরীক্ষামূলক ও নির্মাতানির্ভর চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছেন এই তারকা।

বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক ৫’-এ শ্রেক ও ফিওনার কন্যা ফেলিসিয়ার চরিত্রে কণ্ঠ দেবেন জেন্ডায়া, যা আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি কিংবদন্তি সংগীতশিল্পী রনি স্পেক্টরের বায়োপিক ‘বি মাই বেবি’ সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সবমিলিয়ে বহুমুখী চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে নিজের সোনালী সময় পার করছেন এই তরুণ অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here