প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে জড়ো হওয়া শুরু করেছে ভারতের বিরোধী দলগুলো। আজ দেশটির রাজধানীর রামলীলা ময়দানে তারা সমাবেশের ডাক দিয়েছে। অপরদিকে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি পাল্টা মিছিল করছে।
এসবের মধ্যে দিল্লির ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকদিন পর উদযাপিত হবে দীপাবলী। এই উৎসবকে ঘিরে তারা আগামী কয়েকদিন ব্যবসা করবেন। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে এতে ধাক্কা আসতে পারে বলে শঙ্কা তাদের।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজকের সমাবেশে রাহুল গান্ধী, মালিকার্জুন খার্গে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, হেমন্ত সোরেন, রিভান্ত রেড্ডি, তেজস্বী যাদব এবং অখিলেশ যাদবসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।
নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কোটি কোটি ভোটারকে ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন এমন অভিযোগ তুলে তার পদত্যাগ চেয়ে আসছে বিরোধী দলগুলোর জোট ‘ইনডিয়া’। আজ ‘দিল্লি চলো’ সমাবেশের ডাক দিয়েছে তারা।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সবার আগে সোচ্চার হয় ককরোচ জনতা পার্টি। তবে আজকের সমাবেশে তারা যোগ দিচ্ছে না। দলটির প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছেন, তারা তাদের স্বাধীন পরিচয় ধরে রাখতে চান। তাই কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলনে সরাসরি যোগ দেবেন না। যদিও অভিজিৎ গতকাল মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আগের আন্দোলনে তাদের সমর্থন জানানোয় তাকে ধন্যবাদ জানান।
বিরোধী দলগুলোর এ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় ১০ হাজার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রামলীলা ময়দানের আশপাশে মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ সদস্যকে।
অপরদিকে যন্তরমন্তর, কনাট প্লেস, সুপ্রিম কোর্টের কাছের ভগবান দাস রোড এবং ভারতের নির্বাচন কমিশনের অফিসের আশপাশে ব্যাপক ব্যারিকেড বসানো হয়েছে।
সূত্র: এনডিটিভি।









