ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের রোমাঞ্চকর এক রাতের শেষে ২০২৬ সালের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল আরও পাঁচটি দেশ। এশিয়া থেকে কাতার ও সৌদি আরব এবং আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল। এই পাঁচ দল মঙ্গলবারের জয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় মেগা টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে। এ নিয়ে স্বাগতিক তিন দেশসহ মোট ২৮টি দলের বিশ্বকাপ খেলা চূড়ান্ত হলো।
এবারের বাছাইপর্বের সবচেয়ে নাটকীয়তার জন্ম দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরল দক্ষিণ আফ্রিকা। ‘সি’ গ্রুপে দিনের শুরুতে তারা তৃতীয় স্থানে থাকলেও, শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এবং গ্রুপের অন্য ম্যাচে নাইজেরিয়ার কাছে বেনিন ৪-০ গোলে হেরে যাওয়ায় সব সমীকরণ পাল্টে যায়। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নাইজেরিয়াকে (১৭ পয়েন্ট) পেছনে ফেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ২০১০ সালের আয়োজকরা।
আফ্রিকার অন্য দুই পরাশক্তি সেনেগাল ও আইভরি কোস্টও দাপটের সঙ্গেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। সাদিও মানের জোড়া গোলে মৌরিতানিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেনেগাল। অন্যদিকে, ‘এফ’ গ্রুপের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেনিয়াকে ৩-০ গোলে হারায় আইভরি কোস্ট। এতে গ্যাবনকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেয় আইভরি কোস্ট। ১০ ম্যাচে আইভরি কোস্টের পয়েন্ট ২৬ আর দ্বিতীয় স্থানে থাকা গ্যাবনের ২৫। গতকাল রাতে গ্যাবন বুরুন্ডিকে ২-০ গোলে হারালেও সেটি যথেষ্ট হয়নি। এখন প্লে–অফের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
এশিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কাতার ও সৌদি আরব। ২০২২ সালের আয়োজক কাতার এবারই প্রথম বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। তারা ‘এ’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারায়। অন্যদিকে, ‘বি’ গ্রুপে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান নিশ্চিত করে সৌদি আরব।
৪৮ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮টি দেশের খেলা নিশ্চিত হয়েছে। দলগুলো হলো:
আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
এশিয়া: কাতার, সৌদি আরব, জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া
আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওশেনিয়া: নিউজিল্যান্ড
ইউরোপ: ইংল্যান্ড
আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে।





